শারীরিক অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং। বেশ কিছু দিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত কয়েক দিন বিশ্রামে রয়েছেন। তার এই অসুস্থতার খবরে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্ত ও সংবাদ মাধ্যমে। বহু বছর ধরে জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়মিত সঞ্চালনা করে আসছেন বর্ষীয়ান এই অভিনেতা।

অভিনেতার শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় আপাতত নতুন পর্বের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্ঠানটির নির্মাতারা। দর্শক ধরে রাখতে ও নির্দিষ্ট সম্প্রচারসূচি বজায় রাখতে সংশ্লিষ্ট চ্যানেলটি নতুন পর্বের পরিবর্তে কয়েক সপ্তাহ আগে ধারণ করা তারকাদের পুরনো পর্বগুলো সম্প্রচার করছে। দীপাবলি উপলক্ষে বিশেষ পর্ব হিসেবেই এসব পর্ব পর্দায় দেখানো হচ্ছে।

তবে অমিতাভ বচ্চনের শারীরিক পরিস্থিতি নিয়ে আশার খবরও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ও অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী সপ্তাহ থেকেই পুনরায় শুরু হতে পারে ‘কেবিসি’-র শুটিং।

অন্যদিকে শনিবার নিজের ব্যক্তিগত ব্লগে ধীরে ধীরে কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই বর্ষীয়ান তারকা। ভক্তদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, তিনি ধীরে ধীরে আবার পুরনো কাজের রুটিনে ফিরছেন। তবে তার এই প্রত্যাবর্তন কিছুটা ধীর গতির ও নিয়ন্ত্রিত। নিয়মিত কাজের অভ্যাস থেকে দূরে থাকলে পরিচিত অভ্যাসগুলোও যে অন্য রকম মনে হয়, সে কথা অনুরাগী ও পাঠকদের সামনে তুলে ধরেছেন অমিতাভ।