অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামির পরিবর্তে ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
কারা কর্তৃপক্ষের প্রতি দেওয়া এই নির্দেশনার শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
এর আগে গত ৫ নভেম্বর হাইকোর্টে দাখিল করা বিচারিক অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে যে, মিরপুর থানার অস্ত্র আইনের মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ বিচারপ্রক্রিয়ার শুরু থেকেই পলাতক রয়েছেন এবং বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। অনুসন্ধানে দেখা যায়, কারাগারে থাকা মো. আলমাস ঢাকার দোহার উপজেলার কুসুমহাটির বাসিন্দা শেখ খলিলের ছেলে এবং তিনি ওই মামলার আসামি নন।
মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ ঢাকার দোহারের নয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। নাম ও ঠিকানার মিল থাকার কারণে নিরপরাধ আলমাসকে ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভুলবশত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এই ভুল গ্রেপ্তারের ঘটনায় আইনি প্রতিকার চেয়ে মো. আলমাস হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।