সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আর্থিক ও বাণিজ্যিক এলাকায় হুথিদের হামলায় আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে একাধিক প্রত্যক্ষদর্শী এই তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) আরামকো টাওয়ারে এই হামলা চালানো হয়েছে। অন্য আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটির বেশ কয়েকটি তলায় ক্ষতি হয়েছে। হামলায় কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভবনের বাইরের কিছু অংশে ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে দৃশ্যমান। তবে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরামকো টাওয়ার অবস্থিত কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। আধুনিক কাঁচের সুউচ্চ অট্টালিকা, বিলাসবহুল দোকানপাট ও সবুজ প্রাকৃতিক পরিবেশ দিয়ে এলাকাটি সাজানো হয়েছে। এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পাশাপাশি আবাসিক ভবনও রয়েছে। তাছাড়া এখানে একটি বড় মেট্রো স্টেশন রয়েছে, যেখানে প্রতিদিন সকালের ব্যস্ত সময়ে বিপুল মানুষের আনাগোনা থাকে।
উল্লেখ্য, ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখতে ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়েছিল। তবে গত জুলাই মাসে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে। এর আগেও সৌদির বিভিন্ন বিমানবন্দর, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা।