স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণ করাই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। তিনি বলেন, চোখের ঝুঁকি কমাতে হলে কেবল চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না, বরং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিগুলোকে সমন্বিতভাবে বিবেচনায় নেওয়া জরুরি।

রোববার (০৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য বিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, তাই সর্বস্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতিসহ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। এছাড়া অনেকের জন্য চোখের ছানির অস্ত্রোপচার ব্যয়বহুল হয়ে পড়ে।

মন্ত্রী আরও বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চক্ষু ও কিডনি রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ফলে এসব রোগকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে শুধু আলাদা চিকিৎসা দেওয়ার মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে, যাতে মানুষ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আগেভাগেই সচেতন হতে পারে।