কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে প্রবেশে বাধা দেওয়ার জেরে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত টাউন হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনসুর আলী টাউন হলের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাস টার্মিনাল ছয়ানিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি চলছিল। অনুষ্ঠান শেষে মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামে এক যুবক মিলনায়তনের ভেতরে প্রবেশ করতে চাইলে মনসুর আলী তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সানি তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। এ সময় স্ত্রীকে বাঁচাতে গেলে মল্লিকা বেগমও (৫৫) আহত হন।
ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ জানান, হাসপাতালে আনার আগেই মনসুর আলীর মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত যুবক শাহনেওয়াজ ওরফে সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক সানি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে।