রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবারও হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো ওই আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। উল্টো তাঁকেই আসামি করে মামলা করা হয়েছে। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে তখন কিছু বলা হয়নি। পরে তিনি যখন মামলা করতে থানায় যান, তখন পুলিশ জানায় কয়েকজনের নাম বাদ দিতে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই শর্তে রাজি না হওয়ায় তিনি মামলা না করেই ফিরে আসেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে মামলার বাদী নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক নিউগিনি আবাসন প্রকল্পের ফটকে হামলা চালায় এবং ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত হওয়া আসামিরা সন্ত্রাসী ভাড়া করে তাঁর প্রকল্পে পুনরায় এই হামলা চালিয়েছেন। আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও একই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সে সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৬ সেপ্টেম্বরের হামলার ঘটনায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই হামলার ঘটনায় অন্যতম সমন্বয়ক মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যুবরাজ মিরপুরের ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। তদন্তে জানা গেছে, ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেছিলেন। মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালাতে ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন এবং পরে ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন। ২৬ সেপ্টেম্বরের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।