বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রেক্ষাপটে তার আইনি অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। তারা বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারী ছয় আইনপ্রণেতার মধ্যে রয়েছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। গত ৪ নভেম্বর বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনপ্রণেতারা চিঠিতে চারটি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করেছেন। প্রথমত, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও কার্যকর আইনি প্রতিকারের ব্যবস্থা করা। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত, রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভয়ভীতি বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহযোগিতা প্রদান করা।

বব ব্ল্যাকম্যানের নিবন্ধ অনুযায়ী, তারা শেখ হাসিনার জন্য কোনো ধরনের দায়মুক্তি বা আগাম বিচারিক সিদ্ধান্ত দাবি করছেন না; বরং গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি অভিযুক্তের মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। তারা ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার, অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানানোর অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। এই রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এদিকে, যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।