কক্সবাজারের উখিয়ায় ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি বাজার দখল ও ভাঙচুরকে কেন্দ্র করে পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি মেম্বার নুরুল আমিনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় ১০-১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলায় মাথা ও ঠোঁটে গভীর কোপের আঘাতে গুরুতর আহত ওই বিএনপি নেতাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের আমলে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মার্কেট গড়ে তোলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেটি ভেঙে দিয়ে নতুন একটি বাজার তৈরি করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। রোববার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী-সমর্থকরা বিএনপির নিয়ন্ত্রণে থাকা সেই বাজারে হামলা ও ভাঙচুর চালায়। এই খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিনের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে করে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নুরুল আমিন ছাড়াও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় থাইংখালী এলাকার বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর এবং ছাত্রলীগ নেতা সরওয়ারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় আশ্রয়শিবিরে অবস্থানরত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। নুরুল আমিনের মাথায় ও ঠোঁটে ধারালো অস্ত্রের একাধিক কোপ দেওয়া হলে তিনি মারাত্মক রক্তাক্ত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে উঠলে রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতের শারীরিক অবস্থা সম্পর্কে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, ওই বিএনপি নেতার মাথায় দুটি এবং ঠোঁটে একটি গভীর কোপের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অন্যদিকে পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা দাবি করেন, নুরুল আমিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার-পাঁচটি কোপ দেওয়া হয়েছে। তাঁর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজন বলে চিকিৎসকরা সংকেত দিয়েছেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালিয়েছে।
এদিকে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়তেই রাতে বিক্ষোভে ফেটে পড়েন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদে তাঁরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং গভীর রাত পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। একই সময়ে কক্সবাজার শহরেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।