রাজধানী ঢাকায় একাধিক স্থানে পরপর ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আতঙ্কের মধ্যে রোববার রাতে সিআইডি কার্যালয়, পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বহির্গমন ফটকে প্রথম ককটেল ফুটানো হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথ এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং স্থানে একটি ককটেল বিস্ফোরিত হয়।

সিআইডি কার্যালয়ে ঘটনার পরপরই সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ শুরু করেন। খবর পেয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিআইডি ও এসবির একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নয়টি স্থানে একে একে ককটেল বিস্ফোরণ ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের এলাকাগুলোতে ককটেল ফুটানো হয়। এতে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া জগন্নাথ হলের আশপাশ, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের জোরালো শব্দ পাওয়া যায়।

ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।

উল্লেখযোগ্য যে, এর আগের রাতেও রাজধানীর যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পাশাপাশি মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।