সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান, এই ইস্যুতে তার কোনো বক্তব্য নেই।

মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের ব্রিফিংয়ে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলা হচ্ছে, তাই এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ওই চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন একটি পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই আবেদনের বিষয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।