জাতীয় জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব প্রকল্পের সার্বিক কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এদিন তিনি মাতারবাড়ীর নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রসহ ধলঘাটা ও রাজঘাট এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ব্রিফিংয়ে মুখ্য সচিব বলেন, বর্তমান সরকারের শাসনামলে মাতারবাড়ী এলাকাকে কেন্দ্র করে আরও একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ সম্পন্ন হলে দেশের সামগ্রিক অর্থনীতি এবং যোগাযোগ অবকাঠামোয় এক আমূল বিপ্লব ঘটবে।

প্রকল্পের কারণে স্থানীয় মানুষের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, মাতারবাড়ীতে উন্নয়ন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ পুনর্বাসনের আওতায় আনা হবে। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে স্থানীয় উপযুক্ত ব্যক্তিদের চাকরি ও প্রয়োজনীয় নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বিগত প্রশাসনের সমালোচনা করে এ বি এম আব্দুস সাত্তার উল্লেখ করেন, আগের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির দরুন এসব গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ দীর্ঘ দিন আলোর মুখ দেখতে পায়নি। তবে বর্তমান সরকার খুব দ্রুততম সময়ের মধ্যেই এসব অগ্রাধিকার প্রকল্পের কাজ সম্পন্ন করতে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে।

উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও এই সংবাদ ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।