চট্টগ্রামের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব। ৮ নভেম্বর রোববার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজরা সরকারের চেয়ে শক্তিশালী নয় এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। অভিভাবকেরা সচেতন থাকলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এমপি এনামুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে আছেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে প্রশাসন সব সময় পাশে থাকবে। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বিনিময় ছাড়াই আপনারা ধানের শীষকে বিজয়ী করেছেন। কোনো দুষ্কৃতকারী ধর্মীয় উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে।

শ্যামাপূজাকে কেন্দ্র করে বুড়াকালীমন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে। দেশ-বিদেশের ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পূজাকে কেন্দ্র করে সেখানে লোকজ মেলারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে, মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, বিএনপি নেতা আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন, যুবদল নেতা মো. শুক্কুর, এমরান, তারেক এবং ছাত্রদল নেতা আশিক, নিহন ও আবু বক্করসহ অনেকে।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৩: ২২আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৩: ২৪