আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারের সঙ্গে সঙ্গে তালপাতায় লেখার প্রাচীন রীতি প্রায় বিলুপ্তির পথে। তবে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার 'শিশু শিক্ষা নিকেতন' এখনো সেই পুরনো ঐতিহ্য আগলে রেখেছে। প্রতিষ্ঠার পর থেকে দেড় যুগেরও বেশি সময় ধরে এই পাঠশালায় শিশুদের তালপাতায় হাতেখড়ি দেওয়া হচ্ছে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত এই পাঠশালায় বর্তমানে আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৫০ জন শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। ৭৫ বছর বয়সী শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় নিজ হাতে তাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, নামতা ও নৈতিক শিক্ষা প্রদান করছেন। বাঁশের কঞ্চির কলম, দোয়াতের কালি এবং তালপাতায় অক্ষর লেখার মাধ্যমে শিশুদের গ্রামবাংলার প্রাচীন শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করা হচ্ছে।

আধুনিক শিক্ষা উপকরণের পরিবর্তে প্রাচীন পদ্ধতিতে পাঠদানের এই ব্যতিক্রমী উদ্যোগ অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অভিভাবকরা মনে করেন, তালপাতায় লেখার চর্চা শিশুদের হাতের লেখা সুন্দর করার পাশাপাশি তাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে সহায়তা করে। এ কারণেই তারা আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এই পাঠশালায় পাঠাচ্ছেন।

তবে ঐতিহ্যের এই পাঠশালাটি নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পাঠশালার সামনের জমিতে পানি জমে থাকায় শিশুদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া এখানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থারও অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলেও এখনো স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি।

শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় জানান, তালপাতায় অক্ষর চর্চা করলে হাতের লেখা সুন্দর হয় এবং শিশুরা এখান থেকেই তাদের প্রাথমিক অক্ষরজ্ঞান লাভ করে। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, পাঠশালাটিতে এখনো তালপাতার শিক্ষাব্যবস্থা চালু থাকা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে। তিনি জলাবদ্ধতা ও স্যানিটেশনসহ সমস্যাগুলো সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এই পাঠশালাটি আগামী প্রজন্মের কাছে তালপাতায় হাতেখড়ির ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।