তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেছে শ্রমিক পক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে জানান, বিভিন্ন গ্রেডের জন্য আলাদা মজুরি কাঠামো চাওয়া হয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী, এক নম্বর গ্রেডের জন্য ৪৮ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য ৩২ হাজার টাকা মজুরি দাবি করা হয়েছে। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিক বা শিক্ষানবিশদের জন্য মাসিক ৩০ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছেন তারা।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, এদিন মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই নিজেদের প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিক পক্ষ এ বিষয়ে সাত কার্যদিবস সময় চেয়ে আবেদন করেছে। বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে এবং এই সময়ের মধ্যে ব্যর্থ হলে বোর্ডের পক্ষ থেকে আর কোনো প্রস্তাবের অপেক্ষা করা হবে না বলে জানানো হয়েছে।