ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং একজন চিহ্নিত সন্ত্রাসী। তাকে কূটনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ নেই; বরং সরকার তাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির একে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি ও হত্যাকারী হিসেবে তিনি এই ধরনের আবেদন করার নৈতিক অধিকার রাখেন না। এছাড়া শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে যে চিঠি পাঠিয়েছেন, সে বিষয়েও তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, বাংলাদেশ সরকার ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে যে, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে হবে।

তিনি আরও বলেন, যদি কোনো লবিস্ট শুধুমাত্র অর্থের বিনিময়ে শেখ হাসিনার হয়ে কাজ করে, তবে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।