প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার সকালে একটি ই-মেইল পাওয়া গেছে। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, 'গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।'
তিনি আরও বলেন, যে ই-মেইলটি পাওয়া গেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, তা যাচাই করার মতো কোনো অনুমোদন বা প্রমাণ সেখানে ছিল না। এ কারণে হাইকমিশন ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। গণমাধ্যমে আসা খবরটি সঠিক নয় বলে তিনি পুনরায় উল্লেখ করেন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জমা দিয়েছেন। রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন যে, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এছাড়া আওয়ামী লীগের নেতারাও জানিয়েছিলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আত্মসমর্পণের তারিখ জানানো হবে।