অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের দায়ে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এই সংস্থাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত জবাবে জানান, এনজিওগুলোর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নিবন্ধন বাতিলের কারণগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ভঙ্গ এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা। এছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার মতো অপরাধও নিবন্ধন বাতিলের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এনজিওবিষয়ক ব্যুরো সরকারি বিধিবিধান ও নির্ধারিত নীতিমালা অনুযায়ী নতুন এনজিওর নিবন্ধন, নবায়ন, বৈদেশিক অনুদাননির্ভর প্রকল্পের অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক তদারকি করে থাকে। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই ব্যুরো বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের লক্ষ্য, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এসব সংস্থার অবদান রয়েছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দূরীকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এনজিওগুলো কাজ করছে।
তবে তিনি সংসদে স্পষ্ট করে দেন যে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের আড়ালে কোনো সংস্থা বেআইনি কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।