পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জকে দস্যুমুক্ত করার এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে শতাধিক নৌকা নিয়ে এক ব্যতিক্রমী নৌ-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এই নদীতে 'বনদস্যু নির্মূল কমিটি'র আয়োজনে কর্মসূচেতে পাঁচ শতাধিক বনজীবী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। একই সঙ্গে সুন্দরবন উপকূলবর্তী গ্রামের বাসিন্দারাও তীরে উপস্থিত হয়ে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।
সংগঠনের প্রধান সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নৌ-বন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও জেলেরা বক্তব্য দেন। সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন এবং গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত। এছাড়া ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন ও পারুল আক্তার এবং জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক ও সাইফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।
নৌ-বন্ধনে নিজেদের ক্ষোভ ও দুর্দশার কথা তুলে ধরে জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও সাতক্ষীরা রেঞ্জকে আজ পর্যন্ত দস্যুমুক্ত করা যায়নি। বরং সুন্দরবনে এখন দস্যুদের হুমকি-ধমকি এবং জেলেদের অপহরণের পর মুক্তিপণের অঙ্ক আরও বেড়ে গেছে। গাবুরা গ্রামের জেলে সবুর আলী জানান, দস্যুদের বেপরোয়া আচরণের কারণে জেলেরা বনে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ফলে ভরা মৌসুমেও আয়-রোজগার না থাকায় পরিবারগুলোতে চরম দুর্দশা নেমে এসেছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানানোর পরও দস্যুদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
নিজেদের জীবন ও জীবিকার নিরাপত্তার দাবি জানিয়ে জেলে ওমর ফারুক বলেন, সরকার হয় বনদস্যু নির্মূল করুক, না হলে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক। ভয়ে সুন্দরবনে যেতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের ছবি দস্যুদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা সেই ছবি দেখে দেখে জেলেদের হুমকি দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির জেলেদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরতে বন ও পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করার প্রতিশ্রূতি দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন অভিযোগ করেন, টানা নবম দিনে পা দেওয়া এই আন্দোলনেও দস্যু নির্মূলের মূল দায়িত্বে থাকা কোস্টগার্ডসহ অন্য সংস্থাগুলোর কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে না পারলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে, সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, সীমিত সামর্থ্য সত্ত্বেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান চলছে। কয়েকটি বাহিনী নির্মূলের ক্ষেত্রে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, জেলেদের সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করতেও বনবিভাগ সর্বদা প্রস্তুত রয়েছে।