ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল বর্তমানে বড় ধরনের ব্যবসায়িক সংকটের মুখে পড়েছেন। তার মালিকানাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। এরপর ঋণের কিছু অংশ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে গত ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর ব্যাংকে চেকটি জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ করা না হলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালীন সময়ে ব্যবসায়িক কার্যক্রম স্থবির থাকলেও তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছিলেন। বর্তমানে সেই ঋণের সুদসহ বড় অঙ্কের দেনা তৈরি হয়েছে, যা মেটাতে তিনি ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করছেন।

এদিকে, তার মালিকানাধীন এজেআই গ্রুপের বিরুদ্ধে গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে তার শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়িক এই সংকটের কারণ হিসেবে অনন্ত জলিল করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক প্রতিকূলতাকে দায়ী করেছেন। এছাড়া ব্যবসা বাঁচাতে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার চেষ্টা করলেও চীনা উদ্যোক্তাদের সাথে আলোচনায় আশানুরূপ সাড়া পাননি, এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগও সফল হয়নি বলে জানা গেছে।