উন্নত প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক সাশ্রয়ী খরচের পাশাপাশি ট্র্যাডিশনাল চীনা চিকিৎসার সমন্বয় বাংলাদেশ ও চীনের স্বাস্থ্যসেবা সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। অতীতে বাংলাদেশি রোগীদের প্রধান গন্তব্য ছিল ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্রে পরিবর্তন এসেছে। জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিরা এখন চীনের হাসপাতালগুলোর প্রতি ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে ক্যানসার, রক্তের ব্যাধি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা অস্থিমজ্জা সংযোজন এবং জটিল অস্ত্রোপচারের জন্য চীন একটি নতুন বিকল্প হিসেবে উঠে আসছে।

চীনের বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, উন্নত চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ, গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসার সমন্বয়ই এই আগ্রহের মূল কারণ। বিভিন্ন হাসপাতালে বিদেশি রোগীদের জন্য বিশেষায়িত মেডিকেল সেন্টার, দোভাষী, ভিসা সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী যোগাযোগের সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সাম্প্রতিক পারস্পরিক সহযোগিতাও এতে ভূমিকা রাখছে। এই উদ্যোগের অংশ হিসেবে চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালের নানশা ক্যাম্পাস সম্প্রতি পরিদর্শন করেছে বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের একটি দল।

সফররতদের সামনে হাসপাতালটির পুনর্বাসন ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) বিভাগ দুটি বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়া অস্ত্রোপচার-পরবর্তী সুস্থতা ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল দেখানো হয়। ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন বিভাগে আকুপাঞ্চারসহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সঙ্গেও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আবদুল্লাহ হাসান আসিফের স্ত্রী রেহনুমা তারান্নুম স্নিগ্ধা ২০২৫ সালের অক্টোবরে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত হন। আসিফ প্রথমে ভারতে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে তিনি চীনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করেন এবং পরবর্তীতে স্ত্রীকে গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।

বাংলাদেশের আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতা ব্যবস্থাপক মামুন আল নাঈম শাওন জানান, বাংলাদেশি রোগীদের জন্য চীনের বিভিন্ন হাসপাতাল আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্প্রসারণ করছে। কিছু হাসপাতাল ভ্রমণের আগেই অনলাইনে রোগীর মেডিকেল রেকর্ড পর্যালোচনা করে প্রাথমিক পরামর্শ দিচ্ছে। দ্রুত অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী এবং প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথিপত্র প্রস্তুতির ক্ষেত্রেও সহায়তা দেওয়া হয়।

গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ডিরেক্টর হি লাংবিং সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তিনি জানান, এ পর্যন্ত বাংলাদেশসহ ১০৩টি দেশের রোগীরা তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রতিমাসে গড়ে অন্তত ৩০ জন বাংলাদেশি চিকিৎসার জন্য তাদের হাসপাতালে যান। তিনি দাবি করেন, রোগীদের কেউ কেউ ক্যানসারমুক্ত হয়েছেন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ মনে করেন, চীনের হাসপাতালগুলোর পূর্ণ সুবিধা পেতে স্বচ্ছ তথ্য, যুক্তিসংগত চিকিৎসা খরচ এবং সবার আগে রোগীর স্বার্থকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।