ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনার জন্য তেহরান সবসময়ই প্রস্তুত, তবে কোনো চাপ কিংবা হুমকির কাছে ইরান নতি স্বীকার করবে না। রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনা অবশ্যই ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে।

পেজেশকিয়ান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি দেশটিকে যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ। যদি সংলাপে অধিকার আদায় করা সম্ভব হয়, তবে যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, তিনি সেখানেও ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছিলেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরান তার অধিকার দাবি করে এবং কোনো বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না।

এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, বাঘাই এই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা হিসেবে অভিহিত করে বলেছেন, তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।