বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৩৭ নম্বর কক্ষের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে বিছানায় ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় ওই কক্ষে না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব নামের ওই শিক্ষার্থী জানান, ঘটনার সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। তিনি লিখেছেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।’
আকিব আরও জানান, ঘটনার সময় তার কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও ভাঙা কাচের টুকরো দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে।