সৌদি আরবের পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার ঘটা এই হামলায় পাইপলাইনে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়, তবে সৌদি কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পাইপলাইনের কার্যক্রমও বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য সৌদি আরবের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।

গত সেপ্টেম্বর মাসে ড্রোন হামলার শিকার হওয়ার পর পাইপলাইনটি কয়েক দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। সে সময় সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল শোধনাগার ও সংরক্ষণাগারসহ বিভিন্ন অবকাঠামোয় বারবার হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘাত তীব্র হওয়ার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।