টানা তিন দফা ঊর্ধ্বমুখী প্রবণতার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ১০ নভেম্বর মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন এই দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর সকালে বাজুস তৃতীয় দফায় সোনার দাম বাড়িয়েছিল। সেই সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা এবং ২ নভেম্বর সকালে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।