নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশ করায় আক্রান্তদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন মঙ্গলবার (১০ নভেম্বর) জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে সুস্থতার ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বার্ন রোগীদের জন্য প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে গুরুতরদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। অনেকের কাশির সঙ্গে রক্ত আসছে এবং শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। অধ্যাপক ডা. রবিউল করিম খান পাপন ব্যাখ্যা করেন যে, ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে, যা শরীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়।

সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া দুপুর ১২টায় আরও একটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে, যেখানে রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আক্রান্তদের মধ্যে যাদের চোখে বার্ন রয়েছে, তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। এছাড়া ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীর জন্য একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু রোগী আতঙ্ক বা প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ বোধ করে হাসপাতালে এসেছিলেন, যাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হচ্ছে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।