জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে তুরস্কের ইস্তাম্বুলের পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া প্রতিনিধি দলের সদস্য হিসেবে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরের অংশ হিসেবে আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি যোগ দেবেন। সম্মেলনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তুরস্ক সফরকালে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।