শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার কাছে গভীর রাতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও শতাধিক ককটেল বিস্ফোরণের মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার দিয়াগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লগি-বৈঠা হাতে একদল ব্যক্তি টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, অবরোধের কারণে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং গাড়ি ভাঙচুরের দৃশ্যও ফুটেজে ধরা পড়ে। টোলপ্লাজায় কর্মরতদের তথ্যমতে, প্রায় আধাঘণ্টা ধরে চলে এই অবরোধ, যার ফলে টোল আদায়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা জড়ো হতে থাকলে নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সদস্যরা থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন। এ বিষয়ে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অবরোধ, ভাঙচুর ও বিস্ফোরণের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছে।