প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি ৯ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে।

বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। অর্থাৎ এ বাজারে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। তুরস্কের বাজারে রপ্তানি বৃদ্ধির পরিমাণ ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারত্ব গত বছরের ৪ দশমিক ৬০ শতাংশ থেকে বেড়ে এবার ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ১৮ দশমিক ৪৪ শতাংশই আসে জাপান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ায় রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে। এছাড়াও শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতে রপ্তানি ৮ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১০৬ কোটি ডলারে পৌঁছেছে, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

শুধু অক্টোবর মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে রপ্তানি ৮ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে দাঁড়িয়েছে। অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ; দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই তুরস্কের অবস্থান। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশলকে কাজে লাগাচ্ছে।