রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে মো. কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি কৌশলে পালিয়ে গেছেন। মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান। জানা গেছে, এদিন ওই হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। মামলার প্রয়োজনে আসামি কাউসার মিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় তাকে হাজতখানা থেকে এজলাসে আনা হয়। তবে এদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় বিচারক মামলার সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। এরপর আসামি কাউসারকে পুনরায় এজলাস থেকে হাজতখানায় ফেরত নেওয়ার প্রস্তুতির সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কাঠগড়া থেকে হাতকড়া খুলে আসামি কাউসার মিয়া পালিয়ে যান। ওই সময় তাকে হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। পুলিশের ওই সদস্য আসামিকে কাঠগড়ায় হাতকড়া পরানো অবস্থায় রেখে কাস্টডি আনতে আদালতের সামনের দিকে যাওয়ার সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যেতে সক্ষম হন।