নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণা গণমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার বিষয়টি মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কেবল রাজনৈতিক কার্যক্রমই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তিনি বলেন, তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি সেই কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ; এটি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি।
আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, দলটির জন্য আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। তার দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি স্থানে গিয়ে তাদের এ ধরনের কর্মকাণ্ড চালানো অস্বাভাবিক নয় এবং এমন কাজ তাদের পক্ষেই সম্ভব।