বিসিএসসহ নানা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস, দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে একগুচ্ছ কঠোর ও আধুনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লক্ষ লক্ষ বেকার ও শিক্ষিত তরুণের স্বপ্ন সুরক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা ও সংরক্ষণ প্রক্রিয়ায় এই আমূল পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী পিএসসির এসব পদক্ষেপের কথা তুলে ধরেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এবং পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী এসব তথ্য জানান।
সংসদে লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস বা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রিত হতো। কিন্তু বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে ছাপা হচ্ছে। প্রশ্ন মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা প্রশ্ন ছাপা শুরু থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রেসের ভেতরেই থাকেন। এই সময়ে বাইরে কারও সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সুযোগ নেই। সম্পূর্ণ মুদ্রণ ও মনিটরিং কার্যক্রম পিএসসি চেয়ারম্যান নিজে সার্বক্ষণিক তদারকি করেন।
প্রশ্নপত্র নিরাপত্তার স্বার্থে পিএসসির ভল্টরুমও আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে কেবল সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য এবং মনোনীত কর্মকর্তাদের জন্য ফেসলক প্রযুক্তির মাধ্যমে ভল্টরুমে প্রবেশের নিয়ম করা হয়েছে। প্রশ্নপত্র সংরক্ষিত এই ভল্টরুমে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকেন চারজন পুলিশ সদস্য। এছাড়া আগে প্রশ্নকর্তারা বাসায় বসে প্রশ্নপত্র তৈরি করলেও এখন পিএসসির গোপনীয় কক্ষে বসে তা প্রণয়ন করতে হয়। প্রণয়ন শেষে একই দিনে সিলগালা অবস্থায় তা সরাসরি সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্যের কাছে জমা দিয়ে ভল্টে সংরক্ষণ করা হয়। সিকিউরিটি সুনিশ্চিত করতে প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নেও আনা হয়েছে স্বচ্ছতা। চালু করা হয়েছে ‘সার্কুলার পদ্ধতি’, যার ফলে পরীক্ষকরা খাতা বাসায় নেওয়ার সুযোগ পান না এবং পিএসসিতে এসে টিমের মাধ্যমে তা মূল্যায়ন করতে হয়। আবেদন প্রক্রিয়া থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত পুরোটাই অটোমেশনের আওতায় আনা হয়েছে এবং প্রিলিমিনারি ফল ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে প্রস্তুত করায় কোনো দুর্নীতির সুযোগ নেই। পাশাপাশি মৌখিক বা ভাইভা পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে পরীক্ষা শুরু হওয়ার মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে যাবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে থাকবেন তা নির্ধারণের নতুন নিয়ম চালু করা হয়েছে। সংসদকে জানানো হয়, পূর্ব থেকে কিছু জানার সুযোগ না থাকায় ভাইভা পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত হচ্ছে।