বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির মধ্যে একটি ব্যাংক শাখা, একটি কলেজ এবং মহাসড়কের একটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এসব স্থানে আগুন ধরিয়ে দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি দপ্তর, আদালত ও ব্যাংকিং লেনদেন বন্ধের আহ্বানে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সড়ক ও রেলপথে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এর পরপরই গভীর রাতে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ব্যাংকের সামনে ও সড়কে আগুন জ্বলতে দেখা যায়। পাশাপাশি টিয়াখালী কলেজের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার চিত্রও দেখা গেছে।

ঘটনার বিবরণ দিয়ে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক দেবরাজ পাল জানান, কর্মকর্তা-কর্মচারীরা কাজ শেষ করে চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনাটি উল্লেখ করে পরবর্তীতে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অন্যদিকে কলেজে তালা দেওয়া ও আগুন লাগানোর ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল কোনো মন্তব্য করতে রাজি হননি।

অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মঙ্গলবার আমতলীর স্বাভাবিক জনজীবনে তার বড় কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই প্রতিদিনের মতো অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। সড়কে বাস ও অন্যান্য যানবাহন চলাচলও অব্যাহত ছিল। মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ দল পাঠিয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।