পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। ইন্টারপোলের রেড নোটিশে থাকা এই সাবেক পুলিশ কর্মকর্তা দেশটির একটি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। তবে জামিনে থাকলেও তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ওই দেশ ত্যাগ করতে পারবেন না।

জাতীয় সংসদে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন। কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি সংসদকে এই হালনাগাদ তথ্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়েছে যে বেনজীর আহমেদ জামিন পেয়েছেন, কিন্তু তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত ১২ জুন ২০২৬ তারিখে আবুধাবির ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এনসিবিকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এরপর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর অনুরোধ জানানো হলে, বাংলাদেশ চার দিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করে। পরবর্তীতে আমিরাতের চাহিদার পরিপ্রেক্ষিতে আরও অতিরিক্ত তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়।

বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা জানতে এনসিবি ঢাকা থেকে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবির কাছে হালনাগাদ তথ্য চাওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা গ্রেপ্তারের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। সংশ্লিষ্ট রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা এবং আইনগত শর্ত যাচাই করে সিদ্ধান্ত নেয়। বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়টি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী সংসদকে জানান, সরকার আইনের শাসন ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে স্থানীয় আইনজীবী নিয়োগ, প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ এবং নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে। এছাড়া বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে, যা বর্তমানে তদন্তাধীন। এই মামলায় পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এছাড়া বিদেশে থাকা বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ অবরুদ্ধ বা বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে বলেও মন্ত্রী নিশ্চিত করেন।