দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, রাতের অন্ধকারে দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলার কোনো সুযোগ নেই। তার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে সেই নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের সম্মিলিত ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের মতো প্রধান গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে মন্ত্রী বলেন, এ ধরনের প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেফতারের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশজুড়ে ককটেল ছোঁড়া বা অরাজকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সমস্ত তথ্যপ্রমাণ সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সরকার দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।