গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার গাজা সিটির দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের একটি বাড়িতে বিমান হামলায় তিনজন প্রাণ হারান। একই শহরের জেইতুন পাড়ায় একটি তাঁবুতে চালানো পৃথক বিমান হামলায় এক বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলে নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনূস শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও একজন ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, গাজা সিটির সাবরা পাড়ায় ইসরাইলি বিমান হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী চুক্তির পর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইল ১ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সাম্প্রতিক শক্তিশালী ঝড়ের কারণে ১২ ঘণ্টায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে, যাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে প্রায় ৩০ লাখ ডলার বা ৩৭ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। ইসরাইল বর্তমানে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও বাধা দিচ্ছে। তারা ৬০ হাজার মোবাইল হোম ও ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিলেও এখন পর্যন্ত মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দিয়েছে।

রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল। গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হামাসকে নিরস্ত্রীকরণ বা গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় কোনো পক্ষই একমত হতে পারেনি।