রাজধানীর মিরপুরে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বুধবার রাতে ও ভোরে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এতে বাসগুলো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে অবস্থিত জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, সিটের কাভার, জানালার গ্লাস, পেছনের গ্লাস ও বডির অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর কিছুক্ষণ পর রাত ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে টিম পাঠালেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে, বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব সিট, গ্লাস ও বডি পুড়ে গেছে, যার আনুমানিক ক্ষতি আট থেকে ১০ লাখ টাকা। এছাড়া অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও সিটের কাভার পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।