বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত দমন-পীড়নের ঘটনা সহ সংঘটিত সব অপরাধের নিরপেক্ষ জবাবদিহি চেয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বিগত দিনের অপরাধের বিচারপ্রক্রিয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকারকে আলাদাভাবে দেখার কথা জানিয়ে সংস্থাটি বলেছে, সব রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের রাজনীতিতে অংশ নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১০ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান স্পষ্ট করেন। ব্রিফিংয়ে যুক্ত হওয়া বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সমর্থকদের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি জানতে চান। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হাজার হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত এবং বর্তমানে তার দলীয় নেতা-কর্মীরা দেশকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সাংবাদিকের প্রশ্নের জবাবে উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ অবশ্যই বাংলাদেশে সংঘটিত সব অপরাধের জবাবদিহি চায়, বিশেষ করে সংস্থাটির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনে যেসব অপরাধ নথিভুক্ত করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক অধিকারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও সব রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে জাতিসংঘ।
ফারহান হক যে তথ্যানুসন্ধান বা ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কথা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর পরিচালনা করেছিল। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের অধিকাংশ নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান এবং তাদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এই দমন-পীড়নের অবসান ঘটে।