বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বিশেষ করে ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষার বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ডাচেস অব এডিনবার্গকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা, ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ডাচেসের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাতকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেসের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।