সিরাজগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ এর আওতায় অনূর্ধ্ব-১৪ বয়সী বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সয়াধানগড়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়। তিনি বলেন, সাঁতার কেবল একটি খেলা নয়, এটি জীবন রক্ষার একটি অপরিহার্য কৌশল। মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাঁতারের গুরুত্ব অপরিসীম এবং বর্তমান প্রজন্মের মেধা ও দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
উদ্বোধনী দিনে 'নিজে সাঁতার শিখি এবং অন্যদের সাঁতার শিখতে উৎসাহিত করি' স্লোগানকে সামনে রেখে তরুণদের অনুপ্রাণিত করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমবে এবং এখান থেকে দক্ষ সাঁতারুরা উঠে এসে জাতীয় পর্যায়ে জেলার সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়াবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।