শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া স্বচ্ছ এবং যুগোপযোগী করার লক্ষ্যে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করেছে। এই নীতিমালায় শিক্ষার্থী ভর্তির বয়সসীমা, আসন সংখ্যা, পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে ৭ বছরের কম হওয়া বাঞ্ছনীয়। এই বয়সসীমা ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ জন্ম তারিখের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া প্রতিটি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ভর্তি পদ্ধতির ক্ষেত্রে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য ডিজিটাল লটারি ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে এবং সমসংখ্যক অপেক্ষমান তালিকাও সংরক্ষণ করতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ৫০ নম্বরের (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০) পরীক্ষা হবে ১ ঘণ্টার। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০) পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।

ভর্তি ফি ও আবেদন ফরমের মূল্য নিয়ে নীতিমালায় কঠোর নির্দেশনা রয়েছে। প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম বিতরণের জন্য কমপক্ষে ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বলে ৫০০ টাকা, পৌর উপজেলা এলাকায় ১,০০০ টাকা, পৌর জেলা সদরে ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং এমপিও বহির্ভূত বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ) নির্ধারণ করা হয়েছে।

কোটা সংরক্ষণের বিষয়ে নীতিমালায় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই-বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।