২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে এখন আর কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার মতে, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা ভবিষ্যতে আর আপিল করার আইনগত সুযোগ পাবেন না। এমনকি কোনো শুনানি ছাড়াই এই সাজা কার্যকর সম্ভব বলেও তিনি মন্তব্য করেছেন। চিফ প্রসিকিউটরের দাবি, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নিশ্চিত করার যে বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে, শেখ হাসিনা সেই সুবিধাও পাবেন না। তিনি সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এবং লিমিটেশন অ্যাক্ট, ১৯০৮-সহ বিভিন্ন আইনের ব্যাখ্যা দিয়ে এই দাবি করেছেন।
তবে চিফ প্রসিকিউটরের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী। তারা বলছেন, আপিলের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিশেষ পরিস্থিতিতে বিলম্ব মওকুফ চেয়ে আবেদন করার সুযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজা কার্যকরের আগে আপিলের সুযোগ নিশ্চিত করা ন্যায়বিচারের মৌলিক নীতির অংশ। তিনি আরও জানান, নির্ধারিত সময়ে আপিল করতে না পারলে সুপ্রিম কোর্টের বিধিমালা অনুযায়ী বিলম্ব মওকুফের আবেদন করা যায়, যা বাংলাদেশের বিচারব্যবস্থায় প্রচলিত। মনজিল মোরসেদ বলেন, অতীতে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পলাতক থাকার পর দেশে ফিরে আত্মসমর্পণ করেন। পরে ২০০৭ সালের সেপ্টেম্বরে তাঁকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারিতে ওই মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আইনজীবীদের মতে, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগকে যে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, তা ন্যায়বিচারের স্বার্থে প্রয়োগ করা সম্ভব। আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলেন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন, তবে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে চূড়ান্ত বিবেচনা করা যায় না। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া এবং বিচারপদ্ধতি নিয়ে যেহেতু বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি।
উল্লেখ্য, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে শেখ হাসিনার সরকার হাইকোর্টের সমমর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। এর আগে চলতি বছরের এপ্রিলে বিদেশি একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনা রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে দাবি করা হয়, তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হওয়ায় আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হয়েছে। বর্তমানে শেখ হাসিনার দেশে ফেরা ও তার আইনি অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ফিরতে হবে।