সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলারশিপ প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি এবং নজিরবিহীন দুর্নীতির গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘সারের ডিলারের ২৮ জনই বিএনপি।’ তার মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি।
হাসনাত আবদুল্লাহ অধিবেশনে আরও অভিযোগ করেন যে, নাটোরের এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক এমপির সন্তানও ডিলারশিপ পেয়েছেন। তিনি সংরক্ষিত আসনের এমপিসহ বিভিন্ন পর্যায়ে অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘যেখানে সংরক্ষিত আসনের যারা এমপি, অসাংবিধানিক এই সংরক্ষিত আসনের এমপিরা, কোন কোন জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন, ১৫টি ইউনিয়নের হয়তো ৩০টিতে ডিও দিয়েছেন।’ সংসদ সদস্যের এই বক্তব্যের সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে’—এই মন্তব্যকে তিনি ইতিবাচক অর্থে বলতে চেয়েছেন। তবে মন্ত্রীর এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। মন্ত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেন, তিনি নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে।
মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে ডিসির নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের জন্য কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি কাজ করেছে। এরপর ডিসি অফিসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। মন্ত্রী যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, তখনও বিরোধী দলের সদস্যরা হৈচৈ অব্যাহত রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন?’ ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে মন্ত্রী জানান, জেলা পর্যায়ের কমিটির সদস্যদের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।