দেশের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যেই চূড়ান্ত রূপ পাবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী জানান, আয়কর ও শুল্ক—উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ চিত্র হাতে এলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী গতি দেখা যাবে বলে তিনি আশা করছেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রথম প্রান্তিকের পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি ইতিবাচক হবে। এর ফলে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে।
একদিকে রাজস্ব আয় পিছিয়ে পড়া, অন্যদিকে নতুন বেতন কাঠামোর কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সরকার সবকিছু চুলচেরা হিসাব-নিকাশ করেই পরিচালনা করছে এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।
তিনি আরও যোগ করেন, প্রতিটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। হিসাবের বাইরে বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা হচ্ছে না বলেও তিনি নিশ্চিত করেন।