কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতামূলক ঘটনা ঘটলেও এনসিপিকে আগের মতো রাজপথে সোচ্চার হতে দেখা যায়নি। তবে দলটির নেতাদের মতে, এটি কোনো স্থায়ী নীরবতা নয়; বরং চলমান পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্ট ‘রাজনৈতিক মূল্যায়নের’ কারণেই এনসিপি সচেতনভাবে কম তৎপর থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এনসিপির শীর্ষ নীতিনির্ধারকদের মূল্যায়ন হলো, বর্তমানে রাজপথে যা ঘটছে, তা সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগকে করার সুযোগ দিচ্ছে। এই পরিস্থিতিকে মূলত ‘নিয়ন্ত্রিত নাশকতা’ হিসেবে আখ্যা দিচ্ছে এনসিপি। দলটির নেতাদের স্পষ্ট বক্তব্য, আওয়ামী লীগ যদি সত্যি সত্যি দেশের মানুষের জন্য বড় ধরনের হুমকি তৈরি করে, তবে এনসিপি সর্বশক্তি নিয়ে রাজপথে তাদের মোকাবিলা করবে। কিন্তু সরকারের সাজানো কোনো কৌশলে পা দিয়ে বিএনপির রাজনৈতিক সুবিধার জন্য মাঠ দখল করার কোনো ইচ্ছা তাদের নেই।

সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ আহ্বান করার পর সহিংসতা বেড়ে যায়। ওই দিন সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয় এবং ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশের দাবি, বিদেশে পলাতক নেতাদের উসকানি ও অর্থায়নে শেখ হাসিনার ফেরার হাওয়া তুলতেই এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে ছাত্রলীগের ওই কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপির কেন্দ্রীয় কোনো বড় রাজপথের তৎপরতা দেখা যায়নি। ঢাকার দু-একটি জায়গায় মোটরসাইকেল শোডাউন, থানা পর্যায়ে সীমিত কর্মসূচি এবং মৌলভীবাজারে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচির মধ্যেই তাদের রাজপথের ভূমিকা সীমাবদ্ধ ছিল।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের চারজন সদস্য নিশ্চিত করেছেন, সাম্প্রতিক এসব নাশকতার ঘটনায় বিএনপি সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ ছাড় রয়েছে বলেই এনসিপি মনে করছে। দলটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি বিশেষ কৌশলে এগোচ্ছে। তারা মনে করে, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাওয়ার কৌশলের অংশ হিসেবেই এসব কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মাঠের নেতাদের ধরে গ্রেপ্তার ও জামিনের মাধ্যমে একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে ওই গোষ্ঠীর কাছে বিএনপিই একমাত্র আশ্রয় হিসেবে বিবেচিত হয়।

এনসিপি নেতারা এই ধারণার সপক্ষে দুটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর জোর দিচ্ছেন। প্রথমটি হলো, গত মঙ্গলবার জাতীয় সংসদে নাশকতা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘নিরুদ্বেগ’ বক্তব্য। দ্বিতীয়টি হলো, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকারের গত ৮ নভেম্বর ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে গোপন বৈঠক শেষ করে আবার নিরাপদে ভারতে ফিরে যাওয়ার ঘটনা। এনসিপির এক নেতার মতে, সরকার বা গোয়েন্দা সংস্থার সায় না থাকলে সীমান্ত পেরিয়ে এভাবে এসে বৈঠক করে ফিরে যাওয়া সম্ভব নয়। তাই এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তারা বিএনপির হয়ে শক্তিক্ষয় করতে চান না।

সরকারের এ ধরনের অবস্থানকে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার ফল হিসেবে দেখছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পূর্ণ প্রস্তুতি এনসিপির রয়েছে। কিন্তু বর্তমানে সরকার ও আওয়ামী লীগের তলে তলে যে আঁতাত চলছে, এনসিপি সেই গেম প্ল্যানের অংশ হতে রাজপথে নামবে না। তবে জনস্বার্থ বিঘ্নিত হয়ে আওয়ামী লীগ সত্যি বড় হুমকি হয়ে উঠলে এনসিপি সব শক্তি নিয়ে মাঠ দখল করবে।