যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও পাল্টা আঘাত হানা হবে বলে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজায়ি লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারির কথা জানান।
সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি স্পষ্ট করে বলেন, মার্কিন বাহিনী নতুন কোনো আক্রমণ চালালে ইরান কেবল আঞ্চলিক বা কাছাকাছি থাকা সামরিক ঘাঁটিতে হামলা সীমাবদ্ধ রাখবে না। বরং এর আগে লক্ষ্যবস্তু করা হয়নি—এমন দূরবর্তী মার্কিন ঘাঁটিতেও আঘাত হানা হবে। বিশেষ করে, ইউরোপের কোনো দেশের মাটি বা ঘাঁটি ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান যদি ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে উড্ডয়ন করে, তবে সংশ্লিষ্ট দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সরাসরি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিষয়ে রেজায়ি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো প্রত্যক্ষ আলোচনা চলছে না। তবে ইরানের পক্ষ থেকে মার্কিন প্রশাসনের কাছে সাতটি নির্দিষ্ট শর্ত তুলে ধরা হয়েছে এবং ইরান এখন সেগুলোর বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
ইরানি এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে ইরানের প্রধান অগ্রাধিকার হলো সব ফ্রন্টে সংঘাতের অবসান ঘটানো, বিশেষ করে লেবাননে চলমান যুদ্ধ বন্ধ করা। একই সঙ্গে তিনি আঞ্চলিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং ইরানকে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ।