ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ চলাকালীন জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতীয় ক্রিকেটার আর্শদীপ সিং। তিনি তার প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে বাগ্দান সম্পন্ন করেছেন। সম্প্রতি আইপিএলে পাঞ্জাব কিংস থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগদানের খবরের পর এবার তার ব্যক্তিগত জীবনের এই বড় সাফল্যের খবর সামনে এলো।
সামরিন কৌর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাগ্দানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যায়, আর্শদীপ হাঁটু মুড়ে বসে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এবং আংটি পরিয়ে দিচ্ছেন। দুজনে হাসিমুখে ছবি তুলেছেন। পোস্টের ক্যাপশনে সামরিন লিখেছেন, "জীবন আমাদের যা কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে আনন্দের হল আমাদের একে অপরকে পাওয়া। সারা জীবন একসঙ্গে থাকব। ১১.১১.২০২৬।"
নিউজিল্যান্ড সফরে আর্শদীপের সঙ্গে সামরিনও গিয়েছিলেন। সেখানে আর্শদীপের বাবা দর্শন সিং এবং পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, বাগ্দানের পরিকল্পনা আগে থেকেই ছিল বলেই পরিবারকে সঙ্গে নিয়ে সফর করেছিলেন তিনি।
উল্লেখ্য যে, চার মাস আগে আর্শদীপ প্রথমবারের মতো সামরিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। তখন সামরিনের দুটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছিলেন, "আমার কাছের লোক।" এরপর থেকে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে।