রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণ নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা নামলেই নগরীর বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটিয়ে জনজীবনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট চক্র। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক নেতাদের আর্থিক মদত ও নির্দেশনায় এসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব ককটেল তৈরি ও নিক্ষেপের জন্য ঢাকার বাইরে থেকে প্রশিক্ষিত ক্যাডারদের ভাড়া করে আনা হচ্ছে। ২-৩ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটায় বা যানবাহনে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীতে বিস্ফোরকদ্রব্য আইনে ৭৭টি মামলা দায়ের করা হয়েছে এবং এ সংক্রান্ত ঘটনায় ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাজধানীতে নভেম্বরের প্রথম সাত দিনে ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় ১৮টি মামলা হয়েছে। আইজিপি আলী হোসেন ফকির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে প্রকৃত নাশকতাকারীদের গ্রেপ্তার করা হয় এবং কোনোভাবেই যেন নির্বিচারে কাউকে হয়রানি করা না হয়।
পুলিশ ও এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে গোপন আস্তানায় হাতবোমা তৈরি করে। তারা সাধারণত হেলমেট পরিহিত অবস্থায় নম্বরপ্লেটবিহীন বা ভুয়া নম্বরপ্লেটযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থাপনা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে।
গত ৯ নভেম্বর ঢাকার আদাবর থেকে ছয়টি পেট্রোল বোমা ও প্রায় এক কেজি গানপাউডারসহ মাহবুব হোসেন ও রাশেদ কবির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন স্বীকার করেছে যে, তারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক সংগ্রহ করে ঢাকায় এনেছে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছ থেকে অর্থায়ন পেয়েছে। এছাড়া ১০ নভেম্বর ককটেলসহ গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে সাবুল সরদার নামে ছাত্রলীগের এক কর্মী জানায়, খিলগাঁওয়ের সজীব নামে এক নেতার সাথে পনেরশ টাকার চুক্তিতে সে ককটেল নিক্ষেপ করেছে। সজীব ককটেল নিক্ষেপের ভিডিও ধারণের জন্যও আলাদাভাবে এক হাজার টাকায় লোক ভাড়া করেছিল, যা পরবর্তীতে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দলের নেতাদের কাছে পাঠানো হতো।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্য অনুযায়ী, দেশে ও বিদেশে অবস্থানরত কিছু আওয়ামীপন্থি ব্যবসায়ীর অর্থে এই নাশকতার গোপন নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। তারা এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ, মোবাইল ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন ও নির্দেশনা আদান-প্রদান করছে। পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাঠ পর্যায়ে প্রশিক্ষিত ক্যাডারদের নিয়ে বেশ কয়েকটি গোপন ‘গেরিলা সেল’ বা টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা শ্রমিক বা হকারের ছদ্মবেশে নাশকতায় অংশ নিচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায়। ডিএমপির উপ-কমিশনার আকতার হোসেন জানিয়েছেন, ইতিমধ্যে বোমার কারিগর, গানপাউডার সরবরাহকারী ও অর্থদাতা চক্রকে শনাক্ত করা হয়েছে। মোহাম্মদপুর থানায় আটটি মামলায় ১১ জন এবং ওয়ারী ও কদমতলী থানায় ১০ জন করে গ্রেপ্তার হয়েছে। এছাড়া পল্লবী থানায় চারটি মামলায় ১৮ জন, ধানমন্ডি থানায় একটি মামলায় ২০ জন এবং বাড্ডা ও ভাটারা থানায় আটজন করে এবং ক্যান্টনমেন্ট থানায় সাতজন গ্রেপ্তার হয়েছে। সেখানে তিনটি মামলায় গ্রেপ্তার হয়েছে ২৫ জন। বর্তমানে নাশকতার প্রাথমিক স্তরের টিম সক্রিয় থাকলেও ১৫ নভেম্বর থেকে উচ্চমাত্রার নাশকতার জন্য দ্বিতীয় স্তরের টিম মাঠে নামার আশঙ্কা রয়েছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট, টহল ও নজরদারি জোরদার করেছে।