বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে। ব্যস্ততম এই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও এর আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
একই দিনে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকার ইসলাম এবং স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে কারখানার বাইরে অবস্থান নেন। এছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা পুনরায় সড়কে অবস্থান নিচ্ছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন রয়েছে।