ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো হুমকি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পারবে না। ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। তাসনিম বার্তা সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওয়াহিদি স্পষ্ট করেছেন যে সব ধরনের প্রতিকূলতা ও বাধা উপেক্ষা করেই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেওয়া হবে।

আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বার্তায় ওয়াহিদি বলেন, 'আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে দেশের শক্তি গড়ে তুলছেন।' তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আইআরজিসি প্রধানের মতে, শত্রুদের এটি বুঝতে হবে যে শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ কোনো নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে বন্ধ করা সম্ভব নয়; বরং বিশ্বাস ও রক্তের শক্তিতে এই পথচলা অব্যাহত থাকবে।

বার্তায় আইআরজিসির সাবেক মহাকাশ ও বিমান বাহিনীর দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির অবদানের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। সবশেষে তিনি বাহিনীর সদস্যদের ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।