নানা নাটকীয়তা ও তিক্ত অভিজ্ঞতার পর আবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আসন্ন ২০২৭ মৌসুমের মিনি নিলামের জন্য ইতোমধ্যে সাতজন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় রয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়।
গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও শেষ পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পাননি মোস্তাফিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কলকাতা, যা নিয়ে দুই দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সময় গড়ানোর সঙ্গে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেই অভিজ্ঞতা পেছনে ফেলে মোস্তাফিজ আবারো নিলামে নাম লিখিয়েছেন।
মোস্তাফিজের পাশাপাশি এবার বাংলাদেশের পেস আক্রমণের বেশ কয়েকজন পরিচিত মুখকে ঘিরে আগ্রহ রয়েছে। দীর্ঘ সময় ধরে আইপিএলের সম্ভাব্য আকর্ষণ তাসকিন আহমেদ এবং ২০২৪ সালে লক্ষনৌ সুপার জায়ান্টসের আগ্রহের তালিকায় থাকা শরিফুল ইসলামও এবার অপেক্ষায় রয়েছেন। এছাড়া সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়া হাসান মাহমুদ এবং গতির ঝড় তোলা নাহিদ রানাও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণ হতে পারেন।
পেসারদের বাইরে রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়ও আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৌড়ে রয়েছেন। বিগ ব্যাশে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া রিশাদ তার লেগ স্পিন ও ব্যাটিং দক্ষতার কারণে সম্ভাবনাময় বিকল্প হতে পারেন। পাশাপাশি হৃদয়ের ধারাবাহিক ব্যাটিংও তাকে নিলামের আলোচনায় রেখেছে।
আগামী ১৬ই ডিসেম্বর ভারতের গোয়ায় আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। ২৩শে নভেম্বর পর্যন্ত খেলোয়াড়দের নিবন্ধনের সুযোগ রয়েছে এবং ৩রা ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। সর্বশেষ মেগা নিলামে নিবন্ধিত বাংলাদেশের ১৩ ক্রিকেটারই এবার নাম দেয়ার সুযোগ পাচ্ছেন, ফলে নির্ধারিত সময়ের মধ্যে তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৭ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ব্যয়ের সীমা ১৫৭ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার রাখতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন।